যশোর প্রতিনিধি:
যশোরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির (৬৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। গতকাল বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মধ্য দিয়ে ২০২৫ সালে যশোরে প্রথম করোনা রোগীর মৃত্যুর ঘটনা রেকর্ড হলো। জানা যায়, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গত মঙ্গলবার দুপুরে শেখ আমিরের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে তার দেহে করোনা শনাক্ত হয়। এর আগে, তিনি গত ৫ জুন কিডনিজনিত সমস্যার কারণে সার্জারি বিভাগে ভর্তি হন।
তবে শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর গত ১৬ জুন বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “শেখ আমির করোনা ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। সব ধরনের চিকিৎসা সত্ত্বেও আমরা তাকে বাঁচাতে পারিনি।”

















