সকালবেলা প্রতিবেদনঃ
আগামী ২৫ জুন বুধবার থেকে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ—চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। পরিবেশ মেলা ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত চলবে, আর বৃক্ষমেলা ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। উভয় মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২৫ জুনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। সেখানে পরিবেশ ও বন্যপ্রাণি সংরক্ষণে অবদানের জন্য জাতীয় পদক ও পুরস্কার প্রদান করা হবে।
সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেকও বিতরণ করা হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনসম্পদ উন্নয়নে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ মেলা ও বৃক্ষমেলা এসব প্রচেষ্টার অংশ। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”।
তিনি জানান, জেলা—উপজেলা ও ঢাকার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, স্লোগান প্রতিযোগিতা, সেমিনারসহ নানা সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি মোবাইল এসএমএস প্রচারণা, ব্যানার স্থাপন ও জনসম্পৃক্ত কর্মসূচিও পরিচালিত হবে। সরকার ১ জুন ২০২৫ থেকে স্ট্র, স্টারার ও কটন বাডসহ ১৭ ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে। ৪৩৪টি মোবাইল কোর্ট অভিযানে ৬৩ লাখ টাকা জরিমানা আদায় ও লাখ লাখ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বনভূমি রক্ষায় হাজার হাজার একর জমি দখলমুক্ত করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে ১,০৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা ও শতাধিক ইটভাটা বন্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি গণমাধ্যম ও জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিবগণ, পরিবেশ ও বন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











