চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ই—সিগারেট ও এর সরঞ্জামসহ মোহাম্মদ আইয়ুব নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগ। গতকাল রোববার সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে ইউএস—বাংলা এয়ারলাইন্সের বিএস—৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে পেঁৗছান মোহাম্মদ আইয়ুব। এরপর সকাল সোয়া ৭টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। তার ব্যাগ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৩ হাজার টাকা।
আটক মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব আমিলাইশ নয়াপাড়া গ্রামের ইসহাকের ছেলে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনএসআই ও বিমানবন্দর নিরাপত্তা বিভাগের সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে এসব সামগ্রী জব্দ করেন এবং আইয়ুবকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে। এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। শাহ আমানতে নিরাপত্তা ব্যবস্থার এমন কঠোর নজরদারি চোরাচালান রোধে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।












Leave a Reply