ঢাকা প্রতিনিধিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান—স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে ফাতেমা (১৪) নামের এক কিশোরী। গত শনিবার সন্ধ্যার পর হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়।এর আগে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি অপহরণ মামলার ভিকটিম হিসেবে শারীরিক পরীক্ষার জন্য ফাতেমাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করায় খিলগাঁও থানা পুলিশ। ওসিসির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তইয়্যাবা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খিলগাঁও থানা থেকে কিশোরী ফাতেমাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। গতকাল সন্ধ্যার দিকে সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।”
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভিকটিম খিলগাঁও থানার একটি অপহরণ মামলার অন্তর্ভুক্ত। তার পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খিলগাঁও থানার উপ—পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, “মামলা নম্বর ৬৫ অনুযায়ী গত শুক্রবার একটি অপহরণ মামলায় ফাতেমাকে ফয়সালের বাসা থেকে উদ্ধার করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য তাকে ঢামেকে পাঠানো হয়। তবে গতকাল সন্ধ্যায় জানতে পারি, সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।” তিনি আরও জানান, কিশোরী ফাতেমার ফয়সাল (১৮) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে সে ফয়সালের বাসায় চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু পরবর্তীতে আবারও সে ফয়সালের বাসায় ফিরে যায়। এ নিয়ে ফাতেমার বাবা ও ভাই থানায় উপস্থিত হয়ে ফয়সাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, কিশোরী ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি জানানো হয়েছে এবং দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।















