‘নারায়ণগঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির চরম বিপর্যয়’-কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমূখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়।

আজ সোমবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে তাঁর বাসভবনে ওবায়দুল কাদের একথা বলেন।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।

তিনি বলেন, ইভিএম-এ ভোট প্রদান এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল তারা এখন গতকালের অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং  অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *