মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডক্টর এডভোকেট মো. শহিদ উজ্জামান, সহ-সভাপতি আহমেদ আলী রুশদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
নজরুল বর্ষ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা











Leave a Reply