সকালবেলা প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়, যা নিশ্চিত করেছে জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র। টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে জেলা শহর মাইজদীর অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকা। সরেজমিনে দেখা গেছে, নোয়াখালী সরকারি কলেজ সড়ক, সেন্ট্রাল রোড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, পুলিশ সুপারের কার্যালয় এলাকা, শিল্পকলা একাডেমি এলাকা ও মাইজদী স্টেশন রোডসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে।
এসব এলাকার ড্রেনগুলোর পানি নিষ্কাশনের গতি খুবই ধীর, যা জলাবদ্ধতা আরও বাড়িয়ে তুলেছে। বাসিন্দারা বলছেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত, সরু ও অপরিষ্কার, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। লক্ষ্মীনারায়ণপুরের আবদুল জলিল বলেন, “কেউ নাগরিক সুবিধার কথা ভাবে না, ড্রেনগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নেই।” বৃষ্টির প্রভাবে জেলার অন্যান্য উপজেলাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এই দুর্দশার প্রধান কারণ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।















