নজরুল বর্ষ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ‎

‎মোঃ ইব্রাহীম খলিল
‎গাজীপুর প্রতিনিধি:

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

‎এ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

‎গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

‎অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডক্টর এডভোকেট মো. শহিদ উজ্জামান, সহ-সভাপতি আহমেদ আলী রুশদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব।

‎উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *