লক্ষ্মীপুর প্রেসক্লাব থেকে সাংবাদিক আব্বাস হোসেন বহিষ্কার

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য পদ থেকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. আব্বাস হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
গত ৮ আগস্ট সাংবাদিক আব্বাস হোসেনকে বহিষ্কারের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আব্বাস হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আ.হ.ম. মোশতাকুর রহমান।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এর আগে ২৭ জানুয়ারি প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এজেন্ডাভিত্তিক আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসক্লাবের গঠনতন্ত্র বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় গঠনতন্ত্রের আলোকে আব্বাস হোসেনের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
চিঠিতে আরও বলা হয়, প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১০-এর (ঘ) অনুযায়ী তার সদস্য পদ বাতিল করা হয়েছে। পরবর্তীতে জরুরি সভার সিদ্ধান্ত ও কার্যনির্বাহী কমিটির অনুমোদনের পর প্রেসক্লাবে তার সদস্য পদ আর বহাল নেই।
প্রেসক্লাব সূত্রে আরও জানা গেছে, এর আগেও আব্বাস হোসেনকে দুই দফা প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি ক্ষমা প্রার্থনা করায় পুনরায় তার সদস্য পদ বহাল করা হয়।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ.হ.ম. মোশতাকুর রহমান বলেন, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আব্বাস হোসেনকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে যে-ই জড়িত হবেন, তার বিরুদ্ধেই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে বহিষ্কৃত সাংবাদিক মো. আব্বাস হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *