জুলাই ঘোষণাপত্রের আয়োজনের নেপথ্যে কারা, প্রশ্ন মোস্তফা ফিরোজের

অনলাইন ডেস্কঃ

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘একটি বিষয় দেখে খুবই বিস্মিত হয়েছি, আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। কিছুক্ষণ আগে একটি অনলাইন সংবাদমাধ্যমের স্ক্রলে দেখলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলছেন—বিএনপি এই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, কিন্তু তারা এখনো পর্যন্ত ওই ঘোষণাপত্রের অনুষ্ঠানে কোনো দাওয়াত পায়নি।’

গতকাল সোমবার (৪ আগস্ট) তিনি তার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে দেখলাম বলা হচ্ছে, বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

অথচ এই ঘোষণা তো সব দলের অংশগ্রহণে হওয়া উচিত। এটা কোনো আমলাতান্ত্রিক অনুষ্ঠান নয়। এটা যদি জনগণের অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করে, তাহলে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণে হওয়া উচিত। অথচ তারা ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে, ৩০ লাখ টাকা খরচ করছে ছাত্র-জনতাকে আনার জন্য।
প্রশ্ন হলো—এই ‘ছাত্র-জনতা’ কারা? বিএনপি কি এই ছাত্র-জনতার অংশ নয়?’তিনি আরো বলেছেন, ‘সালাহউদ্দিন আহমেদ নিজে বলেছেন তারা এখনো দাওয়াত পায়নি, আর অন্যদিকে ট্রেন ভাড়া দিয়ে ছাত্র-জনতা আনা হচ্ছে। তাহলে কি এর আড়ালে কোনো গোপন সংগঠন কাজ করছে? সরকারের তো নিজস্ব কোনো দল নেই, তাহলে এই সাংগঠনিক ব্যবস্থার পেছনে কারা আছে? ডিসি বা এসপিদের ওপর কি দায়িত্ব পড়েছে এ আয়োজনের? সব কিছু অস্পষ্ট।’

তিনি প্রশ্ন তোলেন, যে অভ্যুত্থান ৫ আগস্ট দল-মত-নির্বিশেষে জনগণের অংশগ্রহণে হয়েছিল, আজ কেন সেই ঘোষণাপত্র অনুষ্ঠানে দলগুলোকে উপেক্ষা করা হচ্ছে? এখন আর নিরপেক্ষ কেউ নেই। সবাই কোনো না কোনো রাজনৈতিক অবস্থানে রয়েছেন।

তাহলে যে ‘ছাত্র-জনতা’ ট্রেনে আসবে, তারা কাদের প্রতিনিধিত্ব করছে?মোস্তফা ফিরোজ বলেছেন, ‘এটা আরো বিস্ময়ের যে বিএনপির মতো বড় দলের একজন শীর্ষ নেতা বলছেন তারা দাওয়াত পাননি, অথচ অন্য কেউ বলছেন তিনি দাওয়াত পেয়েছেন। তাহলে কি এখানে ঘোরপ্যাঁচ লুকিয়ে আছে?’

তিনি আরো উল্লেখ করেন, সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছে। কেউ কেউ প্রশ্ন তুললেও বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে আহ্বান জানিয়েছে। জাতীয় ঐকমত্য ও সংস্কার কমিশনের ১৯টি প্রস্তাবনার মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে।

তিনি বলেন, ‘আমি তো মনে করি—মূল বিষয়টি হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সেটাই এখনো নিশ্চিত নয়।

তাই আমার মনে হচ্ছে, এই পুরো আয়োজন নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে—কারা আসছেন, কারা আসছেন না, বুঝতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *