ভাঙ্গায় সেতু থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সেতু থেকে পড়ে নুরুদ্দিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশনের এক্সপ্রেসওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুদ্দিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। তিনি মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং সদ্য শেষ হওয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর নুরুদ্দিন ৪১ দিনের তাবলিগ জামাতে অংশ নেন।

মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টারসেকশন ঘুরতে গিয়ে অসাবধানতাবশত সেতু থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “নুরুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ফরিদপুরে পাঠানোর পথে সে মারা যায়।” এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।” এই অকাল মৃত্যুতে নুরুদ্দিনের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *