মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার লাতু বিওপি এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সোমবার ভোরে ১২ রোহিঙ্গা মুসলিম নারী, শিশু ও পুরুষ এবং ৪ অবৈধ বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। তারা সীমান্তের জিরো লাইনে এনে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের থানায় সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানায়, গত দুই মাসে বড়লেখা সীমান্তে বিএসএফ প্রায় চার শতাধিক রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ক্লান্ত ও বিপর্যস্ত অবস্থায় সীমান্তের আশপাশে রোহিঙ্গারা ঘোরাফেরা করছিলো, যা দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বড়লেখা থানার তদন্ত অফিসার হাবিবুর রহমান জানান, বিজিবি তাদের আটক করেছে, তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।














