সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মারিখালী ইউলুপটি দীর্ঘদিন ধরে একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। কাঁচা বাজার, মাছ বাজার, প্লাস্টিক বাছাই কারখানা এবং অসংখ্য বর্জ্য স্তূপের কারণে এলাকাটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল, যা স্থানীয়দের জন্য স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠেছিল। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য এগিয়ে এসেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তিনি এলাকা পরিদর্শনের পর ঘোষণা দেন, মারিখালী ইউলুপ এলাকাকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও মনোরম মিনি পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে।
গত রোববার বিকেলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ইউএনও ফারজানা রহমান বলেন, “এই গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে এমন একটি নোংরা ও দুর্গন্ধযুক্ত এলাকা আমাদের সবার জন্যই লজ্জার বিষয়। আমরা মারিখালী ব্রিজের ইউলুপের দুই পাশে থাকা ময়লার ভাগাড় সরিয়ে এখানেই একটি দৃষ্টিনন্দন পর্যটন এলাকা গড়ে তুলবো। একইসঙ্গে মারিখালী নদের নাব্যতা ফিরিয়ে আনার কাজ শুরু করা হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে—ফুলের বাগান তৈরি, নদীর পাড়ে বসার ব্যবস্থা, গাছপালা রোপণ, আলোকসজ্জা ও সাজসজ্জার মাধ্যমে এলাকাটিকে আকর্ষণীয় রূপ দেওয়া। এতে এলাকাবাসী যেমন স্বাস্থ্যকর পরিবেশ পাবে, তেমনি পর্যটকরাও নিরিবিলি সময় কাটাতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে পিরোজপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেনহাজ, পিরোজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, এতদিনে তারা আশার আলো দেখছেন। দীর্ঘদিনের দূষণ ও অবহেলার অবসান ঘটিয়ে এলাকাটি যদি সত্যিই একটি পর্যটনকেন্দ্রে পরিণত হয়, তাহলে তা সোনারগাঁওবাসীর জন্য হবে গর্বের বিষয়।











