সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে জনসাধারণ ও গণমাধ্যমকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রফাইল খোলা হয়েছে এবং সেসব প্রফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এতে আরো বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

এমতাবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *