সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আ. লীগ

Online Desk:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র এমপিরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি।

আজ বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আবু সাইদ স্বপন সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন বণ্টনের বিষয়ের সিদ্ধান্ত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছেন।

দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) এসংক্রান্ত চিঠি নিয়ে হাজির হয় আওয়ামী লীগের তিন সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন সচিব সব স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, তাঁদের অবস্থান কী? তাঁরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে তাঁদের ক্ষমতা অর্পণ করেছেন। ৬২ জনই তাঁদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সমর্পণ করেছেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ও গণতান্ত্রিক সংস্কৃতিকে প্রাণবন্ত করার জন্য স্বতন্ত্র সংসদ সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাধুবাদ জানাই।’

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্ররা বিজয়ী হওয়ার সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে তুমুল আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *