শ্যামাপূজা ও দীপাবলি আজ

অনলাইন ডেস্কঃ
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ বৃহস্পতিবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি আজ বিকেল ৩টা ২২ মিনিটে শুরু হয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৪৬ মিনিটে শেষ হবে।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর এই উৎসবকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা দীপাবলি বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে দিওয়ালি বলে থাকে।
বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদযাপন করে।হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হলো শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।
দুর্গাপূজার মতো কালীপূজায়ও গৃহে বা মণ্ডপে মৃণ্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীপূজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *