ভারতে যাওয়ার পথে যুবলীগ নেতা গ্রেফতার

Chuadanga DakBox Pic (17.06.2025)

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত সোমবার বেলা ১১টার দিকে পাসপোর্টসহ ইমিগ্রেশনে উপস্থিত হলে সার্ভারে তাঁর নামে একাধিক মামলা থাকার তথ্য উদ্ঘাটিত হয়। গ্রেফতার হওয়া জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর এলাকার বাসিন্দা এবং মৃত আবু বাক্কারের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু—আইসি (টু ইনচার্জ) তারেক মাহমুদ বলেন, “আমরা চেকপোস্টে যাত্রীদের তথ্য নিয়মিত যাচাই করি। জুবায়ের ইসলাম পাসপোর্টসহ ইমিগ্রেশনে এলে সার্ভারে দেখা যায়, তাঁর বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় দুটি নিয়মিত মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে তাকে দর্শনা থানায় হস্তান্তর করি।” পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে তানোর থানায় দায়ের হওয়া দুটি মামলাতেই জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং পুলিশ জানিয়েছে, চেকপোস্টে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে পালিয়ে যাওয়ার প্রবণতা ঠেকাতে নিয়মিতভাবে যাত্রী যাচাই ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে, যুবলীগ নেতার গ্রেফতারের খবরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও এখনো স্থানীয় যুবলীগ কিংবা তানোর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *