ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন

বিশ্ব সংবাদ:

সম্প্রতি দিল্লি, হরিয়ানা ও আরো বেশ কিছু রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর বাংলাদেশি সন্দেহে অত্যাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। এই ঘটনাগুলির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন এবং ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এবার একই সুরে সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

গতকাল তিনি বললেন, ‘ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ।

এখানে বাঙালি হোক, পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি—সব মানুষেরই সমান অধিকার রয়েছে। গোটা দেশের ওপরেই বাঙালিদের অধিকার আছে।’সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যদি কাউকে জাতিগত বা ভাষাগত কারণে হেনস্থা করা হয়, তা অবশ্যই আপত্তিকর। বাঙালিদের যদি অবহেলা বা অত্যাচার করা হয়, তাহলে আমাদের নিশ্চয়ই তা নিয়ে প্রতিবাদ জানানো উচিত।

বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য নিয়েও কথা বলেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘চর্যাপদের সময় থেকে বাংলা ভাষার চর্চা হচ্ছে। এই ভাষাতেই আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তের মতো মনীষীদের। বাংলা ভাষার যে মূল্য রয়েছে, সেটি অবশ্যই স্বীকৃত হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘বাংলা ভাষা যথাযথ মূল্য পায় না। এই অবহেলার ফলে বাংলাভাষী ও বাঙালিদের প্রতি অসম্মান এবং হেনস্থা বাড়ছে। ভাষার গুরুত্বকে অবজ্ঞা করা হলে, তা বন্ধ করতেই হবে।’ শেষে অমর্ত্য সেন বলেন, ‘ভারতীয় হিসেবে আমাদের উচিত একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বৈচিত্র্যের মধ্যেই ভারতের সৌন্দর্য, আর সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *