অনলাইন ডেস্ক:
পাবনার বেড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়ায় দলীয় কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী।
গণ-অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা বেড়া বাজারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এ সময় তারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি যুক্ত ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কার্যালয়ে আসা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- বেড়া পৌরসভা প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক; বেড়া পৌর যুবলীগ নেতা রাজিবুল ইসলাম সেবু; বেড়া পৌর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি সেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরদারসহ আরো অনেকে।
বেড়া উপজেলা আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক বলেন, আমাদের দলীয় কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসিফ শামস্ রঞ্জনের নির্দেশনায় তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা এবং সাবেক এমপি শামসুল হক টুকুর ছবি যুক্ত ব্যানার টাঙানো হয়। জয় বাংলা স্লোগান দিয়ে কার্যালয়ে নতুন একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে পরে আমরা ঢুকতে পারি। সে সময় কেউ বাধা দেননি। দেশ ও দলের প্রয়োজনে আমরা সবসময় ঐক্যবদ্ধ।
আগামীতে যেকোনো কর্মসূচির জন্য আমরা প্রস্তুত। পরবর্তীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীরা সেই ব্যানার আগুনে জ্বালিয়ে দেন।’বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি, কিন্তু কোনো ব্যানার পাওয়া যায়নি। পরবর্তী এই ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’