বেইলি রোডে অগ্নিকাণ্ড: পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল

অনলাইন ডেস্ক:

চলমান পুলিশ সপ্তাহের চতুর্থ দিনের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (১ মার্চ) পূর্বনির্ধারিত এ দিনের কর্মসূচি বাতিল করে গণমাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।

তাতে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

আইজিপি আগুনের খবর পেয়ে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ এর চলমান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে সেখানে ছুটে যান।

পুলিশ প্রধান হতাহতদের দেখতে গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

এ মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সপ্তাহ ২০২৪ এর শুক্রবার অনুষ্ঠেয় আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা বাতিল করা হয়েছে। সাধারণত এ মতবিনিময় সভার পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গেট টুগেদার হয়ে থাকে।

আইজিপি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ও চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *