শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতুর পাশে স্থাপিত একটি ফুটওভার ব্রিজের একাংশ গতকাল সোমবার দুপুরে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিজটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল। ভেঙে পড়া অংশটি বাল্কহেডের উপর পড়ে যাওয়ায় সেটিও নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়।
এরপর জনগণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। গতকাল দুপুরে একটি বালুবোঝাই বাল্কহেড নদীপথে যাওয়ার সময় ব্রিজটির পিলারে ধাক্কা দেয়। এর ফলে ব্রিজের একাংশ ভেঙে পড়ে এবং সেই অংশসহ বাল্কহেডটি নদীতে ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী জহিরুদ্দিন, আবু বকর ও রাশেদ মোল্লা জানান, “অনেক বছর ধরেই এই নদী পার হতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাঁটার জন্য যে ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল, সেটাও ভেঙে পড়লো। আমরা দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানাই।” এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।













Leave a Reply