পঞ্চগড় প্রতিনিধিঃ
উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের নদ—নালা থেকে প্রতিদিন উত্তোলন করা হাজার হাজার টন বালু এখন সড়কপথ নয়, রেলপথে ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। এক সময় যে কাজ ট্রাকেই সীমাবদ্ধ ছিল, এখন তা ট্রেনভিত্তিক পরিবহনের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে করা হচ্ছে। ফলে বদলে যাচ্ছে শ্রমজীবী মানুষের জীবন, ব্যবসার ধারা এবং গোটা অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট।
রেলপথে বালু পরিবহন: সময় ও অর্থ সাশ্রয়: পঞ্চগড় রেলস্টেশন এখন আর কেবল যাত্রী চলাচলের স্থান নয়, এটি রূপ নিয়েছে বালুবাজারের কেন্দ্রে। প্রতিদিন সকাল ও বিকেলে ডাম্পারভর্তি বালু শ্রমিকেরা তুলে দিচ্ছেন ট্রেনের বগিতে, আর সেই ট্রেন পেঁৗছে দিচ্ছে বালু রাজশাহী, ঢাকা, গাজীপুর, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় বালু ব্যবসায়ী শাজাহান জানান, “এক ট্রাকে যেখানে বালু পাঠাতে খরচ হতো প্রায় ৪৫—৪৭ হাজার টাকা, ট্রেনে একই পরিমাণ বালু পাঠাতে খরচ হচ্ছে মাত্র ৩৪ হাজার টাকা। আবার ট্রেনের মাধ্যমে একসঙ্গে বিশাল পরিমাণ মাল পাঠানো সম্ভব, যা সময় বাঁচায় ও লাভ বাড়ায়।” আরেক ব্যবসায়ী বলেন, “আমরা রাজশাহীর গোদাগাড়ী স্টেশনে বালু পাঠাচ্ছি। এসএস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়মিত অর্ডারে বালু নিচ্ছে। ট্রেন না থাকলে এত বড় পরিমাণ সরবরাহ সম্ভব হতো না।”
শ্রমিকদের মুখে হাসি, জীবনে এসেছে স্থিতি : ট্রেনভিত্তিক পরিবহনব্যবস্থা চালু হওয়ার সবচেয়ে বড় সুফল ভোগ করছেন স্থানীয় শ্রমিকরা। করতোয়া নদীর পাড়ে শ্রমিক সফিকুল ইসলাম বলেন, “সারা বছরই এখন কাজ পাই। সকালে বালু তুলছি, দুপুরে স্টেশনে নিচ্ছি, বিকেলে ট্রেনে লোড দিচ্ছি। দিনে ৫—৬ শিফটে কাজ করি।” আরেক শ্রমিক জানান, “আগে রিকশা চালানো কিংবা কৃষিকাজে জীবিকা চলত। এখন অনেকে বালু পরিবহনের সঙ্গে যুক্ত হয়ে ভালো আয় করছেন, ঘরে শান্তি ফিরেছে।”রেলস্টেশনে নতুন সম্ভাবনা: পঞ্চগড় রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুদ পারভেজ জানান, “বালু পরিবহনের জন্য মালবাহী ট্রেনের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা নির্দিষ্ট সময়ে মাল পাঠাতে পারছেন বলে রেলের প্রতি আস্থা বাড়ছে। প্রয়োজনে নতুন বগি সংযুক্তের পরিকল্পনাও রয়েছে।”
যে কারণে ব্যবসায়ীরা ট্রেনকে বেছে নিচ্ছেন: সড়কপথের সীমাবদ্ধতা, তেলের দামের ঊর্ধ্বগতি, চালকের সংকট এবং দুর্ঘটনার ঝুঁকি—সবকিছুকে পাশ কাটিয়ে রেলপথে মাল পরিবহন এখন অনেক বেশি নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও সময়োপযোগী হয়ে উঠেছে। এক পরিবহন সংস্থার প্রতিনিধি জানান, “ট্রেনে ৩০টি বগিতে একসঙ্গে মাল পাঠানো যায়, তা—ও নির্দিষ্ট সময়ে। ট্রাকে এতটা নির্ভর করা সম্ভব না।”
অর্থনীতিতে নতুন গতি: প্রতিদিন পঞ্চগড় থেকে কোটি কোটি টাকার বালু দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। সরকার পাচ্ছে রাজস্ব, ব্যবসায়ীরা পাচ্ছেন লাভ, আর শ্রমিকরা পাচ্ছেন কর্মসংস্থান। একইসঙ্গে নির্মাণ খাত পাচ্ছে মানসম্মত ও সুলভ কাঁচামাল। মকবুলা রহমান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আজাদ নূর বলেন, “এই উদ্যোগ কেবল পরিবহন খরচ কমাচ্ছে না, বরং একটি পুরো অঞ্চলকে দেশের মূল অর্থনীতির স্রোতধারার সঙ্গে যুক্ত করছে। কর্মসংস্থান বাড়ছে, রেলপথের গুরুত্ব বাড়ছে, নির্মাণ খাত পাচ্ছে সুবিধা।” তিনি আরও বলেন, “সরকার যদি এই উদ্যোগকে উৎসাহ দেয়—যেমন ট্রেন সংখ্যা বাড়ানো, আধুনিকায়ন ও পরিবেশবান্ধব বালু উত্তোলনের ব্যবস্থা নেয়—তবে পঞ্চগড় একদিন দেশের অন্যতম অর্থনৈতিক করিডরে পরিণত হবে।”













Leave a Reply