যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানাবে। বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি।
এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি।
আঞ্চলিক অস্থিরতার দায় প্রসঙ্গে রাষ্ট্রদূত জলিল রহীমি বলেন, আমরা কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করছি না, বরং ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছি।
ক্ষোভ থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কোনো উদ্যোগ নেয়, তবে তেহরান তাকে স্বাগত জানাবে। এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।











