বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সেখানে বসেই দেশ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। ভারতে বসে হাসিনা দেশ নিয়ে মন্তব্য করায় দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের রণকৌশলগত বিশেষজ্ঞ মহলের বরাত দিয়ে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
পাকিস্তানের চারপাশের দেশগুলি যেভাবে তাদের সন্ত্রাসের কারখানা নিয়ে উদ্বিগ্ন, এ ক্ষেত্রেও পরিস্থিতি সেই দিকে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্তরে আস্থা ফিরে পাওয়ার জন্য শিল্প, বাণিজ্য, অর্থনীতি নিয়ে একটি নির্ভরযোগ্য পাকাপোক্ত নীতি নিতে হবে এই সরকারকে। স্পষ্ট বিদেশনীতি তৈরি করে তা জানাতে হবে। কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে।
প্রতিবেদনে টানা হয় শ্রীলঙ্কার প্রসঙ্গও। বলা হয়েছে, শ্রীলঙ্কাও এই ধরনের সংকটে পড়েছিল এবং দিল্লির পাশে থাকা তখন কলম্বোর জন্য অত্যাবশ্যক ছিল। ভারতই সর্বাগ্রে এবং একমাত্র দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কার দিকে। ভারতের প্রতি ‘লক্ষ্যহীন ক্রোধ’ এবং ‘অন্যায় বিরোধিতা’ করে গেলে তা ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ককেই দুর্বল করবে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্যও এই নীতি ভালো নয়।
প্রতিবেদনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ পদত্যাগের কথা বলা হয়। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষককে পদত্যাগ করানো হয়েছে বলা হয়। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের কথাও বলা হয়েছে।
সংবাদমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। বলা হয়েছে, অনেক বেসরকারি টিভি চ্যানেল বন্ধ রয়েছে বাংলাদেশে। অনেক সম্পাদক এবং সাংবাদিককে আটক করা হয়েছে, অনেকে প্রাণের ভয়ে লুকিয়ে রয়েছেন। সংবাদপত্রের স্বাধীনতা বলে কিছু নেই।
সব মিলিয়ে ভারতীয় বিশেষজ্ঞরা, বাংলাদেশ পরিস্থিতিকে ‘জঙ্গলের রাজত্ব’ হিসেবে অভিহিত করতে চেয়েছেন বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।











