ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৫১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ জামসেদুল আলম নামে এক ব্যক্তি ফেনী মডেল থানায় দায়ের করেন। মামলার দুই প্রধান আসামি হচ্ছেন ফেনী—৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী—২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারী। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, মামলায় মোট ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব এবং জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমি প্রমুখ। মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে ফেনী মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে।













Leave a Reply