পাটগ্রামে বসতভিটা বিক্রি করেও শেষ হয়নি চিকিৎসা, সহায়তা চান পরিবার

মেহেরুবান হাবিব

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোহাগপুর ভান্ডারদহ এলাকার এক অসহায় পরিবারের একমাত্র আশার আলো এখন নিভে যাওয়ার উপক্রম। মাত্র এক বছর বয়সেই ব্রেইন টিউমারের সঙ্গে লড়ছে ছোট্ট আব্দুর রহমান।

‎যে বয়সে শিশুরা হাঁটতে শেখে, কথা বলতে শেখে, রঙিন পৃথিবী চিনতে শুরু করে-সেই বয়সেই হাসপাতালের বেড আর অপারেশন থিয়েটার হয়ে উঠেছে আব্দুর রহমানের বাস্তবতা। জন্মের পর থেকেই জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত এই শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

‎শিশুটির বাবা লাভলু হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। দিনমজুরির আয়ে কোনোভাবে চলে তাদের চার সদস্যের সংসার। দুই সন্তানের জনক লাভলু ও তার স্ত্রী ফাতেমা বেগমের ঘর আলোকিত করে এক বছর আগে জন্ম নেয় আব্দুর রহমান। কিন্তু জন্মের কিছুদিন পরই ধরা পড়ে তার মস্তিষ্কে টিউমার।

‎সন্তানকে বাঁচাতে সর্বস্ব ত্যাগ করেছেন বাবা-মা। প্রায় তিন মাস আগে বসতভিটা বিক্রি করে প্রথম দফায় অপারেশন করান তারা। তবুও শেষ হয়নি চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে দ্রুত দ্বিতীয়বার অপারেশন করাতে হবে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে আব্দুর রহমান। তাই শিশুটির জীবন রক্ষায় সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

‎মানবিক সহায়তার হাত বাড়ালেই হয়তো আবারও হাসবে ছোট্ট আব্দুর রহমান। বাঁচবে একটি নিষ্পাপ প্রাণ, আলোকিত হবে একটি অসহায় পরিবারের ভবিষ্যৎ।

‎

‎( বিকাশ/নগদ- 01701553729 (তার বাবা লাভলু )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *