দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

অনলাইন ডেস্কঃ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ছয় দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিলে নেমেছেন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ৩টায় কুড়িগ্রাম পৌর শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে কাফন মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে, কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় কারিগরী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার ফলে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।তারা আরো জানান, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মো. কামরুজ্জামান আলভী, আরিফ হাসান ও সিফাত জানান, অবিলম্বে আমাদের ঘোষিত দাবিগুলো মেনে নেওয়া না হলে আরো কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *