‘ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড’ এ একসঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট ডোনাল্ড লু এবং ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আজ বুধবার (১৫ মে) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কর্পোরেশন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এনজিও এবং জলবায়ু কর্মী যারা জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এবং বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব দেখিয়েছে তাদের কাজের স্বীকৃতি ও উদযাপন করতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, ‘ব্যবসা, সুশীল সমাজ এবং অন্য সবখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজ প্রচারে যুক্তরাষ্ট্র ও ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের লক্ষ্য অভিন্ন।
আমরা ইবিএল-এর এই গুরুত্বপূর্ণ নতুন ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ সহযোগিতা করতে উন্মুখ।’
ইবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, ‘বিশ্বব্যাপী চরম আবহাওয়া আমাদের জলবায়ু অভিযোজন, প্রশমন এবং অর্থায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে এই অংশীদারি করতে পেরে এবং রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে স্বাক্ষর করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৪-এর মনোনয়ন প্রক্রিয়া খুব দ্রুতই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং ইবিএল ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে ঘোষণা করা হবে।
এই পুরস্কারের আনুষ্ঠানিক গণমাধ্যম অংশীদার হিসেবে ছিল দ্য ডেইলি স্টার পত্রিকা।











