জমি পাহারা দেওয়ার মতো করে ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি

অনলাইন ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ.ম.ম নাসির উদ্দীন বলেছেন, ‘যেভাবে নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন । দরকার হলে সবাইকে ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোট কেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এ সব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।
আগামীতে সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারও হুকুমমতো চলবে না। এমনকি সরকারের চাহিদানুযায়ীও চলবে না কমিশন।

আইন যে ক্ষমতা দিয়েছে কমিশন সে অনুযায়ী ষোলোআনা চলবে। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করে না এবং করবে না। এটাই কমিশনের অঙ্গীকার।এর আগে সকাল সাড়ে ১১ টায় কুতুবদিয়া দ্বীপের সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়ীতে পৌঁছেন প্রধান নির্বাচন কমিশনার।

সেখানে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *