ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

গাজীপুর প্রতিনিধিঃ

২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি অমর করে রাখতে তাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘২০২৪ এর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বিষয়ে গঠিত কমিটি’র প্রথম সভায় এই
সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে রংপুরে শহীদ আবু সাঈদ এবং ঢাকায় শহীদ মুগ্ধ এর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২টি স্থায়ী স্থাপনার নামকরণ করা হবে। পাশাপাশি অন্যান্য শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। সভায় গৃহিত অন্যান্য সিদ্ধান্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের যেসব শিক্ষার্থীবৃন্দ শাহাদাতবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। অক্টোবরের
শেষের দিকে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহাদাতবরণকারী শিক্ষার্থী পরিবারের কাছে এই অনুদানের অর্থ তুলে দেয়া হবে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক এবং কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক সাহাবউদ্দিন আহাম্মদকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শাহাদাতবরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন এবং আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *