অনলাইন ডেস্কঃ
রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে সানিকে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছেন। সে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ-সদস্য খসরু চৌধুরীর পিএস নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী।
পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের সঙ্গে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন জড়িত। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার প্রমাণ একাধিক গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে।










Leave a Reply