মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি:
নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
৪ অক্টোবর (রোববার) গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন প্রফেসর ড. লায়লা নুর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইমেরিটাস অধ্যাপক ড. এ এস এম এ হাসিব, গাকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং অনুষ্ঠানের কোর্স ডিরেক্টর ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া গাকৃবির ডিন, পরিচালক, জ্যেষ্ঠ শিক্ষক, প্রক্টর, রেজিস্ট্রার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য, অর্জন ও বিশেষত্ব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষক তাঁদের অনুভূতি তুলে ধরেন। এরপর বিশেষ অতিথি ও কোর্স ডিরেক্টরগণ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিখন-পদ্ধতি অর্জন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকেরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশের শিক্ষকদের জন্য শিগগিরই একটি বিশ্ববিদ্যালয় শিক্ষক ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অন্যদিকে সভাপতির বক্তব্যে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ অনেকাংশে নির্ভর করছে আজকের শিক্ষক সমাজের ওপর। নিজেদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়ানো ছাড়া একটি জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন, “আজকের শিক্ষক সমাজই আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাবেন। তাই একজন শিক্ষকের পেশাগত উৎকর্ষ শুধু তাঁর নিজের উন্নতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি প্রজন্মের ভবিষ্যৎ।” গাকৃবি উপাচার্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ে প্রথম স্থান ও বৈশ্বিক পর্যায়ে অভূতপূর্ব অগ্রগতির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এর হাতে হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
শেষে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন












Leave a Reply