পঁচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানের জরিমানা ১০ লাখ ২০ হাজার টাকা

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রাজমহল হোটেল মালিককে ৪ লাখ টাকা, নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা ও মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ সামারি ট্রায়াল অভিযান পরিচালনা করেন।

বিশুদ্ধ আদালত পরিচালনা করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক প্রতিষ্ঠান মালিকদের অর্থদণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

বিশুদ্ধ আদালত সূত্র জানায়, তিনটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে প্রতিটি প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানগুলো পঁচা ও বাসি খাবার বিক্রি করে আসছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে নুরজাহান হোটেল মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজহমহলের বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা ও মোহাম্মদীয়ার নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পঁচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠান মালিককে ১০ লাখ ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *