হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’

অনলাইন ডেস্কঃ

রাজধানীর তিতুমীর কলেজের হলে রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন ওই কলেজের সুফিয়া কামাল হল শাখার ছাত্রদলের দপ্তর সম্পাদক শিখা আক্তার। তিনি বলেছেন, আমরা ‘সাধারণ শিক্ষার্থী’ হতে চাই।

কলেজটিতে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা জানান ছাত্রদলের এই নেত্রী। শিখা আক্তার বলেন, ‘আমি পূর্বে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। হল কমিটি বা হলের রাজনীতি এসব আমি বুঝি না।’

তিনি বলেন, ‘আগে ছাত্রলীগ হলে আধিপত্য বিস্তার করত। তাই পূর্বের মতো যেন আর কেউ আধিপত্য বিস্তার করতে না পারে, সেজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমরা কোনো রাজনৈতিক আধিপত্য চাই না। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকতে চাই।’

এর আগে গত ৩ মে কলেজের সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণার পর আবাসিক নারী শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এ ঘটনার জেরে কলেজ প্রশাসন তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে হলের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *