সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ হজযাত্রী, সাতজনের মৃত্যু

অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ৭ জন মারা গেছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটসংখ্যা ৪২টি, সৌদি এয়ারলাইনসের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি রয়েছে।এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন— মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।

এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *