শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক থেকে এখন দুর্বলতায় পরিণত হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এমন মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গতকাল রবিবার তিনি এ মন্তব্য করেন।
১০ মিনিটের এক ভিডিও ভাষণে কার্নি বলেন, ‘বিশ্ব এখন আরো বিপজ্জনক ও বিভক্ত হয়ে পড়েছে।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে পরিবর্তন করেছে এবং শুল্ক এমন পর্যায়ে বাড়িয়েছে, যা মহামন্দার সময় শেষবার দেখা গিয়েছিল।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ইস্পাত, গাড়ি ও অ্যালুমিনিয়ামের মতো কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক আরোপই করেননি, বরং কানাডাকে সংযুক্ত করে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার কথাও বারবার বলেছেন।
ট্রাম্পের বাগাড়ম্বর ও কর্মকাণ্ড কানাডিয়ানদের ক্ষুব্ধ করেছে এবং জনমত জরিপে কার্নির দল পিছিয়ে পড়ায়, এটি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়েছিল। কার্নি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বদলে গেছে এবং আমাদেরও সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।’
কানাডার প্রায় ৭০ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়। এ বছর দেশটির যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা ত্রিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তারা এই চুক্তিতে বড় ধরনের পরিবর্তন চান।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক কানাডাকে কঠিন বাণিজ্য অংশীদার হিসেবে কঠোর সমালোচনা করেন।










Leave a Reply