হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক:

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন হামলার পরপরই ওই জাহাজটিতে আগুন ধরে যায়। শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।

আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্টে জানায়, ‘হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সঙ্গে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।’

বার্তা সংস্থা এএফপি জানায়, এমএসসি ইশিকা নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করতে দেখা গেছে।

এদিকে সামুদ্রিক তথ্য সরবরাহকারী মেরিনট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার ইরানের আকাশে উড্ডয়নের সময় ৪টি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি মার্কিন এফ-১৫ ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।

এ ছাড়া এদিন ইরানের ড্রোন হামলায় কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *