তিন ইস্যুতে কঠিন পরীক্ষায় পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এগুলো হচ্ছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ, গণভোটের বাস্তবায়ন ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। এ তিন ইস্যু নিয়ে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। চলছে পাল্টাপাল্টি বক্তব্য, যুক্তি-পাল্টা যুক্তি।
এদিকে নির্বাচনে জয়ী দলগুলোর মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের মতো নজির স্থাপন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সংসদ সচিবালয়ের শপথকক্ষে নির্বাচিত এমপিরা শপথ নেন। বিদ্যমান সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি ও তাদের শরিকরা। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে থাকায় একই সঙ্গে দুই শপথ নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। বিষয়টি নিয়ে দুই জোটের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ দ্বিমুখী অবস্থানের কারণে চলমান সংসদ অধিবেশন উত্তপ্ত হতে পারে। এ নিয়ে দুই জোটের এমপিরা প্রস্তুতিও নিয়েছেন।
সরকারদলীয় দুই প্রভাবশালী মন্ত্রী (আইন ও স্বরাষ্ট্র) সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই সনদ ও সংবিধানকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। অন্যদিকে বিশেষ কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন, ‘টু-থার্ড মেজরিটির দোহাই দিয়ে অতীতের সরকার অনেক কিছু করেছে। কিন্তু সেই অহংকার কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। জনগণের স্বার্থপরিপন্থি কোনো বিষয়ে আমরা একমত হব না।’ তিনি বলেন, ‘যে সংস্কার ও বিচারের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, গুম কমিশন বা মানবাধিকার কমিশনের মতো সেই অর্জনগুলোকে ক্ষতিগ্রস্ত করা জনগণ মেনে নেবে না। কোনো আইন বেআইনি কি না, তা আদালত নির্ধারণ করবেন। কিন্তু সচল কোনো আইন বা অধ্যাদেশকে একতরফা বাতিল করার প্রস্তাব আমরা গ্রহণ করিনি।’
আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দলিল। এর ৩ নম্বর পেজের ৬-এর ক ধারা অনুযায়ী, সনদের ৮৪টি আর্টিকেলের মধ্যে ১ থেকে ৪৭ পর্যন্ত অংশ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন অপরিহার্য। যারা একে বাইপাস করে ভিন্ন কোনো আদেশ দিতে চায়, তারা সনদের পরিপন্থি কাজ করছে। আমরা সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই সব পদক্ষেপ নিচ্ছি।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি। বিশেষ করে “জুলাই সুরক্ষা”সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে সব সদস্য একমত হয়েছেন এবং এগুলো হুবহু সংসদে উপস্থাপন করা হবে। অধ্যাদেশ পর্যালোচনার ক্ষেত্রে “জুলাই জাতীয় সনদ” এবং “সাংবিধানিকতা” এ দুই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
সূত্র : বাংলাদেশ প্রতিদিন










Leave a Reply