এবার ভিন্ন আবহে মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে ‘বসন্ত উৎসব’

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুটা ভিন্ন আবহে এবার উদযাপিত হতে যাচ্ছে বসন্ত। প্রথম দিন এবার নেই চিরাচরিত একুশের বইমেলা। তাই বরাবরের মতো ফাগুনের রং ও রূপ নিয়ে নতুন বইয়ের কাছে যাওয়া হবে না নগরবাসীর।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১ ফাল্গুন ‘বসন্ত উৎসব’ আয়োজন করে থাকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

এ বছরও ‘বসন্ত উৎসব ১৪৩২’  আয়োজন করেছে সংগঠনটি। তবে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়। এবার বসন্ত উৎসব হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে।আজ সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়।

বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

উৎসবে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগীত ও নৃত্যদল। একক সংগীতে থাকছেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহসান দিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *