ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ওসমান হাদির মৃত্যুর খবরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
গতকাল পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সংগঠন ও বিশেষ ব্যক্তিদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।











