বাউবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহীদ দিবস” পালিত

গাজীপুর প্রতিনিধিঃবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ ১৬ জুলাই ২০২৫ তারিখ বুধবার “জুলাই শহীদ দিবস” যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করে কর্মসূচির সূচনা করা হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকাল ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর পক্ষে ‘শহীদ আবু সাঈদ’-এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামী। এ সময় রংপুর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসের মূল আয়োজন হিসেবে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মঞ্চস্থ করা হয় ঐতিহাসিক নাট্য নাটক “সক্রেটিসের জবানবন্দি”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উপাচার্য বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এদেশের ইতিহাসে এক সাহসী যুগান্তকারী অধ্যায়। এই দিনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা আমাদের গণতান্ত্রিক অধিকারের পথ রচনা করেছেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন মতপ্রকাশ ও ন্যায়বিচারের অনুশীলন। শিক্ষার্থীদের উচিত এই ইতিহাস জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয় সবসময় সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ চর্চার কেন্দ্রস্থল হয়ে উঠবে—এই হোক আমাদের অঙ্গীকার।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।

দৃশ্যপট নাট্যগোষ্ঠী এ ঐতিহাসিক মঞ্চ নাটকটি মঞ্চস্থ করে এবং নাটকটি পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আলী।

বাউবির বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদসহ সারাদেশব্যাপী বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউবি পরিবার জাতীয় শোক ও শহীদ স্মরণ দিবসের এই আয়োজনে অংশগ্রহণ করে জাতির প্রতি তাদের দায়বদ্ধতা ও শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *