ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৌকির আহমেদ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে।

এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলমগীর হোসেন জানান, তৌকির গত ১৪ জুন জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত ১৮ জুন তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১৯ জুন তিনি ভর্তি হন। তবে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন মধ্যরাতে তৌকির আহমেদ মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, পারিবারিক সূত্র জানায়, তৌকির প্রায় ১০—১২ দিন আগে জ্বরে আক্রান্ত হন। প্রাথমিকভাবে তিনি গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তরুণ তৌকির।

এদিকে, এলাকাবাসীর মতে, তৌকির আহমেদ ছিলেন ভদ্র, শান্ত ও বিনয়ী স্বভাবের একজন তরুণ। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা জানিয়েছেন, অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যু এলাকার মানুষের হৃদয়ে গভীর বেদনার জন্ম দিয়েছে।

এছাড়াও, ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু স্থানীয়দের মাঝে বাড়িয়ে তুলেছে উদ্বেগ। অনেকেই সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও কার্যকর উদ্যোগ কামনা করেছেন, বিশেষ করে মশার বিস্তার রোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *