জিয়া পরিবার দেশের মানুষের পাশে ছিল

নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে ছিল।” গতকাল শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “১৯৭১ সালে যুদ্ধ চলাকালে শেখ মুজিব পাকিস্তানে আত্মসমর্পণ করেন। এরপর দেশে শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড। ঠিক সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের সকল মানুষকে রক্ষা করেছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে। রাস্তা—ঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে নারী শিক্ষায় অগ্রগতি সাধনে বিএনপি সর্বপ্রথম সুযোগ—সুবিধা চালু করে। শিক্ষক সমাজের বেতন—ভাতা বাড়ানো হয়। কারণ, শিক্ষকরাই পারে সমাজ পরিবর্তন করতে। আপনারাই পারেন এই সমাজকে নতুনভাবে গড়ে তুলতে।” আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দুলু বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। তখন মানুষ কথা বলার সুযোগ পেত না। দেশের ছাত্র—জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আজ দেশে গণতন্ত্র ও ভাতের অধিকার পুনরুদ্ধার হয়েছে।”

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, আব্দুল হাকিমসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *