টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ১৭মিনিটে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

আজ বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় ছোট বোন শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন।

জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *