পূর্বের স্বামীকে তালাক না দিয়ে আবার বিয়ে করায় পরীমনিকে উকিল নোটিশ

কুমিল্লা প্রতিনিধি:
পূর্বের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করায় সেটি অবৈধ হয়েছে- এমন অভিযোগ করে চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী মঙ্গলবার রাত ৯টার দিকে পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশদাতার দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এক লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে।
ফেরদৌসকে তালাক না দিয়েই পরীমনি গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে তিনি আইন লঙ্ঘন করেছেন- এমন অভিযোগও আনা হয় নোটিশে।
গত ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমনি ও রাজের। যেখানে ১০১ টাকায় কাবিন করা হয়।
আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বলেন, ‘আমি রাজ ও পরীমনি দুজনকেই আইনি নোটিশ পাঠাইছি। পরীমনি তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। এ ছাড়া যখন সে সন্তান সম্ভবা, তখন সে দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চিত হয়েছি, তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি। সুতরাং দ্বিতীয় বিয়ের কোনো বৈধতা নেই।’
সন্তান সম্ভবা হয়ে বিয়ে করে পরীমনি মুসলিম রীতিনীতি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন নোটিশদাতা এ আইনজীবী।
তিনি বলেন, ‘নোটিশে বলেছি, যদি তাদের (পরীমনি ও রাজ) কাছে তাদের পক্ষে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে। যদি না হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি নোটিশের জবাব না পাই, তাহলে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
তবে পরীমনি ও শরিফুল রাজ উকিল নোটিশ হাতে পেয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *